Logo

চুরির চেষ্টায় আটক শ্রমিকদল নেতা, দল থেকে বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১১ নভেম্বর, ২০২৬, ১২:০৩
চুরির চেষ্টায় আটক শ্রমিকদল নেতা, দল থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকির চুরির চেষ্টার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় আটক হয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলীয় পদ ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আলম ফকিরসহ দুজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সড়কে পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের পর আলম ফকির নিজের পরিচয় গোপন করে পুলিশের কাছে ‘কালাম ফকির’ নামে পরিচয় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। পরে পুলিশ তাঁদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আলম ফকিরের আটকের খবর পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেয় ঝালকাঠি জেলা শ্রমিকদল। তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদ এবং দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলম ফকিরের বিরুদ্ধে আগে থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও আচরণে পরিবর্তন আসেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে সাংগঠনিক পদ ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলম ফকিরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তাঁর আচরণে কোনো পরিবর্তন আনেননি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও নেওয়া হবে।

এদিকে, ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD