Logo

পোশাক খাতের সহিংসতায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১২:৫৮
পোশাক খাতের সহিংসতায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন
ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনের নামে পোশাক কারখানায় ভাঙচুর, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা নাজমা আক্তার। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের পোশাকশিল্প থেকে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। অনেক ক্রেতা ভারতসহ অন্যান্য দেশে ব্যবসা সরিয়ে নিচ্ছেন। এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত শ্রমিকদের কর্মসংস্থানের ওপরই পড়বে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাজমা আক্তার বলেন, শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন কারখানায় বহিরাগত এবং বিভিন্নভাবে বঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তিরা জড়ো হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা কিংবা বেতন না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি শ্রমিকদের প্রতি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি আদায়ের আহ্বান জানান। তাঁর মতে, শ্রমিকদের নিজেদের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষার স্বার্থেই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে ন্যায্য দাবিগুলো লিখিতভাবে অথবা প্রচলিত নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

পোশাকশিল্পে চলমান অস্থিরতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে এই শ্রমিক নেতা বলেন, কারখানায় ভাঙচুর ও উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে গেলে বাংলাদেশের পোশাকশিল্পে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে শ্রমিকদের চাকরি ও আয়ের ওপর।

শিল্প মালিকদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও কথা বলেন নাজমা আক্তার। তিনি বলেন, পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আনোয়ার হোসাইন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার, নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, শিল্পের স্থিতিশীলতা ও কর্মসংস্থান রক্ষায় শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD