Logo

আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২ নভেম্বর, ২০২৬, ১২:১২
আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন বৃদ্ধি ও তিন দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাঁদের সরিয়ে দিতে পুলিশ বাধা দিলে একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে সাভারের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

শিল্প পুলিশ ও পোশাক শ্রমিকদের সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন বৃদ্ধি এবং তিন দফা দাবি আদায়ে সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশুলিয়া থানা পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। পরিস্থিতির কারণে নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক বলেন, তাঁরা ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ এসে তাঁদের ধাওয়া করছে। রোববার পুলিশ ওই কারখানার দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি। আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ওই শ্রমিক।

বিজ্ঞাপন

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ কারখানার দুই শ্রমিককে রোববার আটক করার অভিযোগে সেখানকার শ্রমিকরা সোমবারও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে তাঁদের আটক করার ঘটনায় নিন্দা জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD