দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। ঘোষিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
বিজ্ঞাপন
এদিকে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রূপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ২১৬ টাকা।








