অক্টোবরে দেশে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা

সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের মাস সেপ্টেম্বরের তুলনায় বেশি। সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার।
তবে অক্টোবরের হিসাবসহ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস এবং এর আগের মাস মিলিয়ে টানা পাঁচ মাস দেশে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, অক্টোবরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।
অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এগুলো হলো—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি আইসি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে। সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।








