বিদেশিদের আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা রাখতে পারবে হোটেল-রিসোর্ট

বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে জমা রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিংমলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। অবশিষ্ট অর্থ প্রচলিত নিয়ম অনুযায়ী টাকায় রূপান্তর করতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সার্কুলারে বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ড বা অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এফসি হিসাবে রাখা যাবে। বাকি অর্থ নিয়ম অনুযায়ী স্থানীয় মুদ্রা টাকায় নগদায়ন করতে হবে।
এফসি হিসাবে জমা রাখা বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈধ বৈদেশিক লেনদেন সম্পন্ন করতে ব্যবহার করা যাবে। পাশাপাশি প্রযোজ্য ভ্যাট ও কর পরিশোধের ক্ষেত্রেও এই অর্থ ব্যয় করা যাবে।
বিজ্ঞাপন
তবে এ সুবিধা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কার্ড গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) এবং গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা গ্রহণের পাশাপাশি তা দিয়ে বৈধ আন্তর্জাতিক লেনদেন পরিচালনা সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।







