জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা, সচল করতে চলছে তৎপরতা

বৈশ্বিক সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে আগেই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। তবে সেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও ওয়েবসাইটটির অন্তত দুটি স্থানে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। সাইটটি নিরাপদ করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।
বিজ্ঞাপন
এ কারণে ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট চালু করা সম্ভব হয়নি।
জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটে দুটি জায়গায় হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো চিহ্নিত করে নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ চলছে। আজকের মধ্যেই সাইটটি পুরোপুরি নিরাপদ করে সচল করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। পরদিন থেকেই দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো গত ২১ অক্টোবর যৌথ সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত সিকিউরিটি প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
আন্তর্জাতিক সতর্কতার পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
ছুটি শেষে রবিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট স্বাভাবিকভাবে চালু হলেও জনতা ব্যাংকের পোর্টাল সচল করা যায়নি। ওয়েবসাইটে ম্যালওয়্যার সংক্রমণ ও হামলার চিহ্ন শনাক্ত হওয়ায় নিরাপত্তা পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।








