Logo

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ২১:৫০
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছেন আদালত। আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করা হয়েছে। তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯৯ বারের মতো সময় চাইল সিআইডি।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। সুইফট ব্যবস্থার মাধ্যমে জালিয়াতি করে হাতিয়ে নেওয়া ওই অর্থ পরে ফিলিপাইনে পাঠানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের ধারণা, এ অর্থ চুরির ঘটনায় বিদেশি হ্যাকারদের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ কোনো চক্রও সহায়তা করে থাকতে পারে।

বিজ্ঞাপন

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর সংশোধিত বিধানসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলাটি করা হয়।

বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বারবার পিছিয়ে যাচ্ছে পরবর্তী আইনি প্রক্রিয়া।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD