Logo

শীতের সবজি বাজারে এলেও দাম চড়া, নতুন আলু ১৬০ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩০
শীতের সবজি বাজারে এলেও দাম চড়া, নতুন আলু ১৬০ টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে ধীরে ধীরে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে মৌসুমের নতুন সবজি বাজারে উঠলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দেশি টমেটোর দাম উঠেছে ১৮০ থেকে ২২০ টাকায়। বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও কয়েক ধরনের সবজি কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার বেশি।

বিজ্ঞাপন

শুধু সবজি নয়, রাজধানীর মাছের বাজারেও চড়া দামের প্রভাব পড়েছে। বিশেষ করে বড় আকারের মাছ, সামুদ্রিক মাছ ও ইলিশ কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে সবজি, মাছ ও মুরগি—সবকিছুর দামেই রয়েছে ভিন্নতা। তবে তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে নতুন মৌসুমের সবজি এবং বড় আকারের মাছ। এতে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

বিজ্ঞাপন

বাজারে নতুন আলুর সরবরাহ শুরু হলেও দাম এখনো বেশ চড়া। প্রতি কেজি নতুন আলু ১৬০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সবজি বিক্রেতা রমিজ উদ্দিন জানান, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য আসার শুরুতে দাম সাধারণত বেশি থাকে। সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজারের এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারাও। সবজি কিনতে আসা সিদ্দিকুর রহমান বলেন, টেলিভিশনে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার দেখছি উল্টো চিত্র।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটে সবজির দাম

বাজার ঘুরে পাওয়া দামের তালিকা অনুযায়ী, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ঝিঙা ১০০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া কাঁকরোলের কেজি ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা এবং শিম ১০০ টাকা। সাধারণ টমেটো ১২০ টাকা ও দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা। এ ছাড়া কাঁচা মরিচ ১৪০ টাকা, জলপাই ৮০ টাকা এবং নতুন আলু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও ডিমের বাজার

বিজ্ঞাপন

মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। অন্যদিকে সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকা। অর্থাৎ ব্রয়লারের তুলনায় সোনালি মুরগি কিনতে কেজিপ্রতি ক্রেতাদের ১২০ থেকে ১৩০ টাকা বেশি খরচ করতে হচ্ছে।

ডিমের বাজারে প্রতি ডজন বাদামি রঙের ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সাদা ডিমের ডজন পাওয়া যাচ্ছে ১৩০ টাকায়।

মাছের বাজারে বড় মাছের দাম আকাশছোঁয়া

বিজ্ঞাপন

সবজির পাশাপাশি মাছের বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। তুলনামূলক কম দামের মাছের মধ্যে পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা এবং বায়লা ৫৫০ টাকা।

অন্যদিকে বড় আকারের কাতল মাছের দাম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। বড় আকারের চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। সামুদ্রিক পাঙাশের দাম উঠেছে ১ হাজার ২০০ টাকায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইলিশের বাজারও ক্রেতাদের জন্য বেশ ব্যয়বহুল। ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজিপ্রতি দাম চাওয়া হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়।

মাছ ব্যবসায়ী মোজাম্মেল বলেন, সাগরের মাছ সব সময় বেশি থাকে। হাজারের নিচে বিক্রি হয় না। আবার দেশি মাছের দামও বেশি। চাষের মাছের দামও ২০০ টাকার উপরে। আজকে আইড় মাছ ৭০০ থেকে ১২৫০ টাকা কেজি বিক্রি করছি।

বিজ্ঞাপন

তবে মাছের মান ও সতেজতার কারণে বাড়তি দাম দিয়েও অনেকে এ বাজার থেকে মাছ কিনছেন। ক্রেতা আজাদ রহমান বলেন, মোহাম্মদপুরে অন্যান্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম একটু বেশি থাকে। দাম বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।

সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর ক্রেতারা এখনো প্রত্যাশিত স্বস্তি পাচ্ছেন না। সবজি, মাছ, মুরগি ও ডিমের বাজারে বাড়তি দামের কারণে সীমিত আয়ের পরিবারগুলোর নিত্যদিনের বাজার সামলানো কঠিন হয়ে উঠছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD