আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি

মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা আগামী এক বছরের মধ্যে শেষ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশীয় বাজারে ডালের পর্যাপ্ত সরবরাহ নিয়ে আয়োজিত সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনা শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে আলোচনা শেষ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করে চুক্তির দিকে এগোনোর চেষ্টা চলছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গেও আলোচনা চলমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া ইন্দোনেশিয়া, হংকং, ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। বড় বাণিজ্যিক জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শুরু করা হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এফটিএর প্রয়োজনীয়তা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত ও কম শুল্কে প্রবেশের যেসব সুবিধা রয়েছে, সেগুলো হারানোর আশঙ্কা তৈরি হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ বাংলাদেশকে বাড়তি সময়ের সুযোগ দিলেও এসব সুবিধা শর্তসাপেক্ষ বলে উল্লেখ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রীর মতে, মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত পণ্য সংশ্লিষ্ট দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি নতুন বাজার তৈরির সম্ভাবনাও তৈরি হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ মালয়েশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে পাম তেল আমদানি করে। ফলে দুই দেশের বাণিজ্য বর্তমানে মালয়েশিয়ার অনুকূলে রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাঁর আশা, মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়বে। একই সঙ্গে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগও তৈরি হবে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ নিয়ে প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় শুরু হয়। এ আলোচনায় অংশ নিতে মালয়েশিয়ার ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদ এর।








