Logo

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় ৫০ কারখানা ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
সাভার, ঢাকা
১ নভেম্বর, ২০২৬, ১৫:৪৬
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় ৫০ কারখানা ছুটি
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মুখে শিল্পাঞ্চলটির অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে এই তিন কারখানার শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে অন্য কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন।

বেলা ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং ছাঁটাই বন্ধ করা। বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছামতো শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকেরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণই প্রধান দাবি। এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা দাবির পক্ষে সড়কে নেমেছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, পোশাকশ্রমিকেরা সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন। আন্দোলনের কারণে ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD