Logo

মাদারগঞ্জে শ্রমিক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
মাদারগঞ্জ, জামালপুর
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬
মাদারগঞ্জে শ্রমিক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ মাখনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভিডিওটি নিয়ে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা ও জেলা বিএনপি এবং শ্রমিক দলের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, টিনের তৈরি একটি ঘরের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তি আনোয়ার জাহিদ মাখনকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। এ সময় তাকে ডান হাতে পাইপসদৃশ একটি বস্তু মুখে নিয়ে ইয়াবা সেবন করতে দেখা যায়।

তবে ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন আনোয়ার জাহিদ মাখন। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। মাদকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামও ভিডিওটির সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, ভিডিওটি হয়তো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক বলেন, “বিষয়টি নিয়ে সভাপতি সোবহান ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমিও দেখতেছি।”

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান বলেন, তিনি ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন এবং শারীরিকভাবে অসুস্থ। এ বিষয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে বলেন। তিনি আরও জানান, এখনো ভিডিওটি দেখেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খানকে মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD