Logo

এখন সকলে মিলে দেশ গড়ার পালা: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৯:৪২
এখন সকলে মিলে দেশ গড়ার পালা: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের জনগণ ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী ও পুরুষ, সকলে মিলে দেশ গড়ার পালা।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

বিজ্ঞাপন

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে এসব কারখানা সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং চলতি সপ্তাহে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে, যাতে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, অতীতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো ধাপে ধাপে চালু করার উদ্যোগ নেওয়া হলেও শুধুমাত্র সেগুলো পুনরায় চালু করলেই সব বেকারের কর্মসংস্থান নিশ্চিত হবে না। দেশে বিপুলসংখ্যক বেকার যুবক রয়েছেন, যাদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি জরুরি। এ লক্ষ্যে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের বিনিয়োগে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে।

তারেক রহমান বলেন, শিল্পপ্রতিষ্ঠান বাড়লে শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কৃষক-শ্রমিকের জীবনমান উন্নত হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

রাজধানীতে হকারদের বিষয়ে তিনি বলেন, সড়কে অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। তাই তাদের সরিয়ে দেওয়া হলেও তাদের জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সম্মানজনকভাবে ব্যবসা করার সুযোগ তৈরি করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবাইকে এই ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার শিকার না হন।

তিনি আশ্বাস দেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যেই বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD