গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় হামলা, সংসদে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেছেন, শুধু ফ্যাসিবাদবিরোধী বক্তব্য দিলেই হবে না, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
এ জন্য দেশের প্রতিটি জেলায় সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাজিবুর রহমান।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজকেও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। স্পিকার, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি। সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এই ফ্যাসিবাদের শিকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, এই দেশ সাফারার হবে। এই সমস্ত বিলের যে বিষয়গুলো– সুবিধা, সুফল জনগণ ভোগ করতে পারবে না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী আছেন। জেলায় জেলায়, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমাদের এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি হোক। গতকালকে বলেছিলাম, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের ভূত রয়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু বদলি করলে হবে না, ট্রান্সফার করলে হবে না।’
নিজ নির্বাচনী এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে নাজিবুর রহমান জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন। এমনকি কয়েক দিন আগেও সংবাদপত্রে ওই কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “পরশুদিন দেখলাম, এক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বলেছে, ‘জনাব ওসি, আমি যদি মুখ খুলি তাহলে কি আপনি থাকতে পারবেন?’ সেই ওসিও নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকেন। তার ট্রান্সফারও হয় না, কোনো শাস্তিও হয় না।”
বিজ্ঞাপন
প্রশাসনের ভেতরে এ ধরনের ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
একই আলোচনায় গোপালগঞ্জের সহিংসতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে ক্লোজ করা হলেও সংশ্লিষ্ট পুলিশ সুপারকে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাইফুল আলম বলেন, ‘গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা। এখান থেকে গোপালগঞ্জের এই তাণ্ডব মোকাবিলায় ব্যর্থ এসপিকে ফেনীর মতো বড় একটি জেলায় দিয়ে তাকে পুরস্কার দেওয়া হলো। স্পিকার, এটার আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে বসে বসে সারা দেশ ফুটতেছে আর আমরা দেখব– এই পলিসি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।’
বিজ্ঞাপন
অন্যদিকে সৌরবিদ্যুৎ স্থাপনের নীতি ও পরিকল্পনাকে স্বাগত জানান এই সংসদ সদস্য। এ বিষয়ে গঠিত জাতীয় পলিসি কাউন্সিলে বিরোধীদলীয় নেতা থাকলেও জনসম্পৃক্ততা বাড়াতে সংসদের বিরোধী দলের আরও দুজন সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
তাঁর অভিযোগ, সৌরবিদ্যুৎ নিয়ে নীতি ও পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট কমিটিতে বিদ্যুৎ খাতের কোনো বিশেষজ্ঞকে রাখা হয়নি।








