রূপগঞ্জে ২ বাসে আগুন দিয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পলায়ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। দুর্বৃত্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা বাইপাস সড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।
বাসের হেলপার আলম হোসেন জানান, ভোরে ডিপোর সামনে মেঘলা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ নম্বরের দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় মুখোশধারী দুর্বৃত্ত বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটি পুড়ে যায়। এ ঘটনায় ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হেলপার আলম হোসেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ভুলতা-গাউছিয়া এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








