Logo

হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন শ্রমিকরা, ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:৩৮
হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন শ্রমিকরা, ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৮ নভেম্বর) ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে গেছেন। অন্যদিকে, ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরেই অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বুধবার সকালে আশুলিয়ায় সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ সুপার জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।

শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে যাওয়ায় বুধবার ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। এর আগের দিনও ১৩টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, যেসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই। সড়কে যান চলাচলেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

তিনি আরও জানান, মঙ্গলবার আটটি কারখানা বন্ধ ছিল। বুধবার নতুন করে রোজ বেস ও পাইওনিয়ার নামের দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD