গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। দাবি আদায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।
বিজ্ঞাপন
এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মালেকের বাড়ি এলাকায় মহাসড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে বিভিন্ন দিক থেকে শ্রমিকরা আবারও সড়কে জড়ো হয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। সংঘাতের কারণে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড়, বাংলাবাজারসহ আশপাশের কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।
বিজ্ঞাপন
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনায় গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।








