ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বিপুলসংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় হামলায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিজ্ঞাপন
মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লা নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করে বলেন, তাঁর ভাতিজাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
বিজ্ঞাপন
এদিকে কৃষক দল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।








