টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট ছাত্রলীগের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এ সহিংসতায় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। রাত ৮টা পর্যন্ত হামলা ও তাণ্ডব চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর টুঙ্গিপাড়াজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানায় হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে অস্ত্র লুটের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং লুট হওয়া অস্ত্রের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।








