সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা পরীক্ষা করাতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন (৩৮) গত ১৬ নভেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৮। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। ঘটনার অভিযোগের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
চিকিৎসাসেবা নিতে গিয়ে হাসপাতালের অভ্যন্তরে এমন গুরুতর অপরাধের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।








