Logo

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১৭ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাঁকে। তবে এ মামলার অপর আসামি ও শহিদুলের ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফুজি পাড়ার দরুদ আলীর ছেলে।

মামলার নথি অনুযায়ী, আগের চারটি বিয়ের তথ্য গোপন করে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন শহিদুল। এটি ছিল তাঁর পঞ্চম বিয়ে। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও একটি গরু নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ দম্পতির তিনটি কন্যাসন্তান রয়েছে।

পরবর্তী সময়ে আনোয়ারা খাতুন নামে আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকেও বিয়ে করেন শহিদুল। এটি ছিল তাঁর ষষ্ঠ বিয়ে। এরপর অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার বিবরণে বলা হয়, পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে বাড়িতে ফিরিয়ে আনেন শহিদুল। কিন্তু তিন দিন পর, ১৫ মার্চ, তাঁর ওপর আবার নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে ফিরিয়ে আনা হয়। পরে ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে তাহমিনাকে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টার অভিযোগও ছিল।

এ ঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার পাল। ওই সময় শহিদুলকে আটক করা হয়। পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্ব নিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে শহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

অন্যদিকে, আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে আইনজীবী আব্দুল মতিন মামলা পরিচালনা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD