সাভারে শ্রমিক আন্দোলনে আহত যুবকের মৃত্যু, দিশাহারা পরিবার

সাভারে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন মাদারীপুরের কালকিনির যুবক সেলিম হাওলাদার (২২)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশাহারা তার বাবা-মা। ছেলের মৃত্যুতে শোকের পাশাপাশি সংসার চালানোর অনিশ্চয়তায় পড়েছেন তারা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
বিজ্ঞাপন
মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতনে সাভারের ট্রেন্ট সুজ নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন সেলিম। তার উপার্জনেই চলত পরিবারের খরচ। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরের বাসিন্দা রহিম হাওলাদারের পরিবার প্রায় ২০ বছর ধরে সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছে।
সরেজমিনে পরিবারের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন মা সেলিনা বেগম। অন্যদিকে ছেলের স্মৃতি মনে করে বারবার শোকে ভেঙে পড়ছেন বাবা রহিম হাওলাদার।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে তাকে ধাওয়া করে মারধর করা হয়। স্বজনদের অভিযোগ, পোশাক কারখানার কয়েকজন শ্রমিক তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার ভোরে তার মৃত্যু হয়।
স্বজনেরা জানান, সেলিমের চিকিৎসার খরচ জোগাড় করতেই পরিবারকে চরম আর্থিক সংকটে পড়তে হয়েছিল। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বাবা-মায়ের সামনে জীবিকা নির্বাহের বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাতে গ্রামের বাড়িতে নেওয়া হয় সেলিমের মরদেহ। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
ছেলের মৃত্যুতে শোকাহত বাবা রহিম হাওলাদার বলেন, ‘আমার ছেলে এভাবে মারা যাবে, এই শোক কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিল সেলিম। আমরা এখন কীভাবে বাঁচব, সংসার কীভাবে চলবে, বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।’
মা সেলিনা বেগম বলেন, ‘মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। একদিকে ছেলেকে হারানোর শোক, অন্যদিকে পরিবার নিয়ে দুশ্চিন্তা। সরকার পাশে না দাঁড়ালে বেঁচে থাকতে পারব না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের কঠিন বিচার চাই।’
এদিকে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানিয়েছেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদারের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তার পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।








