Logo

বরগুনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৭ নভেম্বর, ২০২৬, ১৭:০৬
বরগুনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

বরগুনা শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ডিপ ফ্রিজে ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের শেরে-ই-বাংলা সড়কে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির তাজওয়ার। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডল এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ফার্মেসি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে যান। প্রথমে খোলা থাকা ছগির মেডিকেল হলে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়নি। পরে মায়ের দোয়া ফার্মেসিতে তল্লাশি চালিয়ে দুই বক্স মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। একই সঙ্গে ডিপ ফ্রিজে ওষুধ সংরক্ষণের অনিয়মও শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

এসব অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিপ ফ্রিজে সংরক্ষিত ওষুধগুলো বিনষ্ট করার জন্য নিয়ে যাওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের খবর পেয়ে কয়েকটি দোকান বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরে যাওয়ার বিষয়টিও নজরে এসেছে। তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির তাজওয়ার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মঙ্গলবার দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে একটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। ভেজাল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মান নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের মতো অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD