নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সরকারি সহায়তা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা এসব সহায়তা বিতরণ করা হয়। প্রতিমন্ত্রীর পক্ষে সহায়তা তুলে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।
উল্লেখ্য, গত রবিবার রাতে বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যায়। আগুনে ব্যবসায়ী ও বসবাসকারী পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।
সরকারি সহায়তার আওতায় ২২টি পরিবারের মধ্যে মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল।
বিজ্ঞাপন
এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্য দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র সহায়তাও প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহান মাহমুদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এ সহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে।








