Logo

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ২৬ পোশাক কারখানা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩২
শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ২৬ পোশাক কারখানা
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে গাজীপুর মহানগরীর বিভিন্ন শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। উদ্ভূত পরিস্থিতিতে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে, শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মামুন। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহনকর্মী। বিক্ষোভের একপর্যায়ে মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন উত্তেজিত শ্রমিকরা।

সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় আরেকটি শ্রমিক দল মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকায় সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে মঙ্গলবার নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকেই ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা দলবদ্ধভাবে কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তারা সড়কের পাশ এবং আশপাশের অলিগলিতে অবস্থান নেন।

দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন

বিজ্ঞাপন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের পক্ষ থেকে মালিক, শ্রমিক ও সরকারপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ডিসেম্বর মাসে নতুন মজুরি বাড়ানোর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে দ্রুত অগ্রগতি না হওয়ায় শ্রমিকরা আবারও রাজপথে নেমেছেন।

সাংবাদিক আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-বিজিবি

বিজ্ঞাপন

শ্রমিক আন্দোলনের খবর সংগ্রহ করতে ঢাকা থেকে গাজীপুরে যান দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মামুন। ভোগড়া বাইপাস এলাকায় সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগরী ও কালিয়াকৈরের বিভিন্ন শিল্প এলাকায় কয়েক দিন ধরেই পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। সোমবার সকালে কোনাবাড়ী এবং বিকেলে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় শ্রমিকরা আন্দোলন করেন।

মঙ্গলবারের পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় সকালে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD