হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

অগ্রহায়ণের শুরুতেই শীতের আগমনী বার্তা নিয়ে ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে যানবাহনগুলোকে। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়েছে সাধারণ মানুষের।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। শীতের অনুভূতি উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে কাজে বের হয়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তবে আগাম প্রস্তুতি না থাকায় অনেকেই গরম পোশাক ছাড়াই ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন।
বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্রহায়ণের শুরুতে সকালের ঘন কুয়াশা শীত মৌসুমের আগমনী বার্তা দিচ্ছে। সকালে কুয়াশার প্রকোপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে। এতে কুয়াশা কেটে যাওয়ার পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সকালে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর মুকুল বলেন, এখন দিন ছোট হয়ে এসেছে। তাই জীবিকার তাগিদে খুব সকালেই কাজের খোঁজে বের হতে হয়। তবে হঠাৎ শীত ও ঘন কুয়াশা চলে আসায় এবং আগাম প্রস্তুতি না থাকায় গরম কাপড় এখনও বের করা হয়নি। কুয়াশার মধ্যে ঠান্ডা বাতাসে কাজ করতে বেশ কষ্ট হচ্ছে।
এদিকে নবান্নের শুরুতেই ঘন কুয়াশার উপস্থিতি দেখে আসন্ন শীত মৌসুমে ঠান্ডা ও কুয়াশার প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় প্রবীণ ও কৃষিজীবীরা। আবহাওয়া সংশ্লিষ্টদের ধারণা, কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের মাঝামাঝি সময়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।








