ময়মনসিংহের ১৩ উপজেলায় জামায়াতের নতুন আমীর নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার অধীন ১৩টি সাংগঠনিক উপজেলায় ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত আমীররা আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ ও ২০২৮ সালে নিজ নিজ উপজেলা সংগঠনের নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে তাঁদের শপথ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
নবনির্বাচিত আমীরদের মধ্যে রয়েছেন—ধোবাউড়া উপজেলায় মাওলানা আবদুল হালিম, হালুয়াঘাটে জহিরুল হক হাসান, ফুলপুরে মাহবুব আলম মন্ডল, তারাকান্দায় মাওলানা আবদুল হান্নান, গৌরীপুরে মাওলানা বদরুজ্জামান, ঈশ্বরগঞ্জে মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহু, নান্দাইলে মাওলানা আবদুল বাতেন ফকির, গফরগাঁওয়ে মাওলানা ইসমাইল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁওয়ে মাওলানা এমদাদুল হক, ভালুকায় সাইফ উল্লাহ পাঠান ফজলু, ত্রিশালে মাওলানা কামরুজ্জামান শাকিল, ফুলবাড়ীয়ায় গোলাম মোস্তফা এবং মুক্তাগাছায় অধ্যাপক শামসুল হক।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত আমীর মো. আবদুল করিম বলেন, নবনির্বাচিত উপজেলা আমীররা ২০২৭-২৮ সেশনে দুই বছর দায়িত্ব পালন করবেন। তাঁদের বলিষ্ঠ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতার মাধ্যমে উপজেলা পর্যায়ে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণমুখী সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
এ সময় নবনির্বাচিত উপজেলা আমীরদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য ও সহযোগিতা কামনা করেন জেলা আমীর মো. আবদুল করিম।








