Logo

দর্শনায় ট্রেনে ছিনতাইকারীদের হামলা, কুপিয়ে জখম চালক-সহকারী

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৩
দর্শনায় ট্রেনে ছিনতাইকারীদের হামলা, কুপিয়ে জখম চালক-সহকারী
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জংশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রেনের চালক ও সহকারী চালককে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রেনের চালক (লোকোমাস্টার) নজরুল ইসলাম এবং সহকারী চালক কবির হোসেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একটি খালি মালবাহী ট্রেন দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছে সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল ছিনতাইকারী অতর্কিতে ট্রেনটিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে চালক ও সহকারী চালককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে দুজনকে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত অবস্থায় চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান। বর্তমানে ট্রেনটি স্টেশনটির ২ নম্বর লাইনে অবস্থান করছে।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেন। তবে হামলাকারীদের পরিচয় এবং তাদের আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় রেলওয়ের চালক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রেলপথে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা জোরদার এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD