Logo

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:০৬
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

টানা দুই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর আবারও শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে পুলিশের অভিযানে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। সেখানে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও ভেতরে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন

বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। একাধিক কারখানার শ্রমিক মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রেখেছিলেন।

এদিকে শিল্পাঞ্চলে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় মঙ্গলবার আটটি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও পাঁচটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশের একটি সূত্র জানায়, গত দুই দিন শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত থাকায় মঙ্গলবার বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে নতুন করে শ্রমিক বিক্ষোভ শুরু হওয়ায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD