পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর তৃতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া সভাটি ওইদিন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরির হার নির্ধারণের সুপারিশ প্রণয়ন করতে এ সভা আয়োজন করা হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের নির্ধারিত সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে বোর্ডের কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এসব আলোচনার ভিত্তিতে নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ মজুরি প্রস্তাব তৈরি করে পরবর্তী বৈঠকে জমা দিতে বলা হয়েছিল।
এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, অফিস স্টাফ ও কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ।
তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। এ জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের পক্ষ থেকে চার কার্যদিবস সময় দেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি কাঠামো ঘোষণা করা হয় এবং একই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ৮ হাজার টাকা।
বিজ্ঞাপন
এদিকে, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। তাদের পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার অন্যান্য খরচ বেড়ে যাওয়াকে এ দাবির প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন শ্রমিক নেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন।
বিজ্ঞাপন
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।








