Logo

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৬
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাওয়া মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নেতা। সাধারণ মানুষের অধিকার আদায়কে রাজনীতির প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করতেন তিনি। ক্ষমতার চেয়ে জনস্বার্থ এবং ব্যক্তিস্বার্থের চেয়ে মানুষের অধিকারকে বেশি গুরুত্ব দেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন মওলানা ভাসানী।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের কেন্দ্রে ছিল কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের অধিকার। সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও অর্থনৈতিক মুক্তির বিষয়গুলোকে তিনি রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেন। তার কাছে স্বাধীনতা শুধু রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জনের বিষয় ছিল না, বরং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করারও অঙ্গীকার ছিল।

বিজ্ঞাপন

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। জীবনের বড় একটি সময় তিনি টাঙ্গাইলের সন্তোষে কাটিয়েছেন। মৃত্যুর পর সেখানেই তাকে সমাহিত করা হয়।

ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তার কর্মপরিধি ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সমাজের বৈষম্য, শ্রেণিবিভাজন ও সাধারণ মানুষের বঞ্চনা তাকে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনে সক্রিয় করে তোলে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী।

বিজ্ঞাপন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন তিনি। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে সাধারণ মানুষের অধিকার এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আবারও সক্রিয় হন।

স্বাধীন বাংলাদেশেও শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখেন তিনি। সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য এবং গণতান্ত্রিক জবাবদিহির দাবি তুলে ধরেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার রাজনৈতিক দায়বদ্ধতার উল্লেখযোগ্য উদাহরণ হয়ে রয়েছে।

এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মরণসভা ও নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

অন্যদিকে, টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে। আজ ১৭ নভেম্বর এ মেলার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD