আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের ওপর নজরদারি চলছে: ডা. জাহেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে সরকারের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দায়িত্বে থাকা অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে সেটিকে উদ্বেগজনক বিষয় হিসেবে দেখছে সরকার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপারের গ্রেফতার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে অতীতে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা এবং সরকারি দায়িত্ব পালনকালে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এক বিষয় নয়।
তিনি বলেন, ‘বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে জড়িত আছেন, ছিলেন। সেটা সমস্যা না। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, কাজও করছেন। কিন্তু (কর্মচারী) থাকাকালে তারা যদি জড়িত থাকেন, এটা তো আসলে খুবই ভয়ংকর কথা।’
বিজ্ঞাপন
নজরদারির কৌশল সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে কীভাবে নজরদারি করা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের নিজস্ব ব্যবস্থা ও তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে। প্রয়োজন হলে বিভিন্ন উপায়ে প্রকৃত তথ্য যাচাই করা সম্ভব।
গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেফতারের উদ্যোগ
বিজ্ঞাপন
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। বিশেষ করে যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। দেশে কোনো ধরনের নাশকতা বরদাশত করবে না সরকার।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। ফলে দলটির ব্যানারে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর পাশাপাশি সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনাও কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিজ্ঞাপন
জাহেদ উর রহমান বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেফতার হবেন এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।’
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বলপ্রয়োগের ক্ষেত্রে সংযম বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পুলিশকে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বলপ্রয়োগের অধিকার দেওয়া হলেও তা যেন কোনোভাবেই মাত্রাতিরিক্ত না হয়।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। যতটুকু প্রয়োজন, তার বেশি শক্তি প্রয়োগ করা উচিত নয়। পরিস্থিতি বিবেচনায় আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে থাকা ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে নিজেদের জন্য বিপদ তৈরি করছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে।
১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার
আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ কর্মসূচির কারণে ঢাকায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে বলে সরকার মনে করছে না। দেশের অন্যান্য স্থানেও বড় ধরনের সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখছে না সরকার।
বিজ্ঞাপন
তিনি জানান, এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হয়েছে। আগের সংবাদ ব্রিফিংয়েও এসব কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। এবারও বিষয়টি নিয়ে সরকার বড় ধরনের কোনো উদ্বেগের মধ্যে নেই।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলির কারণ ব্যাখ্যা
গোপালগঞ্জের সহিংসতার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা কিংবা ব্যর্থতার বিষয় সামনে এলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
জাহেদ উর রহমানের ভাষ্য, কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে সংশ্লিষ্ট স্থানে যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করে সরকার।
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন কৌশল অনুসরণ করা প্রয়োজন, যাতে সবচেয়ে কম বলপ্রয়োগে এবং সর্বনিম্ন প্রাণহানির মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গোপালগঞ্জে প্রথম দিনের পরিস্থিতি অত্যন্ত সহিংস ছিল। সে সময় আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেটি সরকারের কৌশলগত সিদ্ধান্তের অংশ ছিল। সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে মনে করেন তিনি। এমনকি সরকারের সমালোচকরাও এ পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।
গঙ্গা চুক্তি নিয়ে নতুন কোনো তথ্য নেই
গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কেও সংবাদ সম্মেলনে কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা কী চাই, কীভাবে চাই সেগুলো যথাসময়ে মিডিয়ার সামনে জানাবো।’
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের সফরের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।
তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়বস্তু সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়। গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।








