৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর মতো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ও সফরের সঙ্গে সংশ্লিষ্ট।
এ ছাড়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় থাকা প্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এসব শিল্পপ্রতিষ্ঠানকে আবারও সচল করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগ আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।
কুতুব উদ্দিন আহমেদ আরও বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।








