Logo

দেশে গঠন হচ্ছে নতুন আরও দুই থানা ও দুই পৌরসভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১২:২০
দেশে গঠন হচ্ছে নতুন আরও দুই থানা ও দুই পৌরসভা
ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক কাঠামো আরও বিস্তৃত ও কার্যকর করতে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে নতুন ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় থানাটির অবস্থান নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, বগুড়া জেলার শিবগঞ্জ থানার অংশবিশেষ নিয়ে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ওই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম পরিচালনায় নতুন প্রশাসনিক কাঠামো যুক্ত হবে।

বিজ্ঞাপন

নতুন পৌরসভা গঠনের ক্ষেত্রেও দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাগলা থানার নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে থানাটির নতুন নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।

প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নিকার। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নির্ধারণ করা হয়েছে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায়। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরও স্থানান্তরের অনুমোদন পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপন করা হবে।

জানা গেছে, নতুন থানা প্রতিষ্ঠা এবং থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন ও উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করে স্থানীয় সরকার বিভাগ।

এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা প্রদান এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

জেবি/এএস/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD