Logo

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগে যুক্ত হতে পারে গুগল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ২০:৫৪
‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগে যুক্ত হতে পারে গুগল
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সহযোগিতা নিতে চায় সরকার। বিশেষ করে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর মতো উদ্যোগ বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা খাতে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে গুগলের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীতে নিজ বাসভবনের কার্যালয়ে গুগলের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধিদলটি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে গুগলের সহযোগিতা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ করতে হলে শিক্ষকদেরও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। এ কারণে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের মতো উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।

ড. এহছানুল হক মিলনের মতে, এসব কর্মসূচি বাস্তবায়নে গুগল কার্যকর সহযোগী হতে পারে। শুধু ডিভাইস ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষাব্যবস্থার সামগ্রিক আধুনিকায়ন, মানসম্মত শিক্ষামূলক কনটেন্ট তৈরি এবং প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রম বিস্তারের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির সহায়তা নেওয়া যেতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, গুগলের প্রতিনিধিরা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী তৈরি, এআইনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান গুগলের কর্মকর্তারা। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার ধরন, পরিধি কিংবা সময়সীমা সম্পর্কে বৈঠকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD