তিন দাবিতে সোমবার আন্দোলনে নামছেন শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীরা

দীর্ঘদিন ধরে নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষোভ বাড়ছে চাকরিপ্রত্যাশীদের মধ্যে। দ্রুত ১৯তম বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন নিবন্ধন ও নিয়োগপ্রত্যাশীরা। আগামী সোমবার (১৬ নভেম্বর) এ কর্মসূচি পালন করবেন তারা।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) শিক্ষক নিবন্ধনপ্রত্যাশী কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে গত ১৪ জুলাই ও ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে দুই দফায় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, অক্টোবরের মধ্যে নতুন নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু প্রতিশ্রুত সময়সীমা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
নিবন্ধনপ্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘ বিরতির কারণে অনেক চাকরিপ্রার্থীর বয়সসীমা ইতোমধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারানোর আশঙ্কায় রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তাদের মতে, সময়মতো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় বিপুলসংখ্যক প্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে আর বিলম্ব না করে দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের ঘোষিত দাবিগুলো হলো—
১. আগামী এক সপ্তাহের মধ্যে ১৯তম বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২. দীর্ঘ তিন বছর বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে পূর্ববর্তী তারিখ কার্যকর ধরে (ব্যাকডেট) বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
বিজ্ঞাপন
৩. স্কুল ও স্কুল-২ পর্যায়ে সব যোগ্য প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে হবে। পাশাপাশি এ দুই পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা পৃথক দিনে আয়োজন করতে হবে।
দাবি আদায়ে সোমবারের কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীরা। তাদের প্রত্যাশা, দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং বয়সসীমার কারণে আবেদনের সুযোগ হারানোর শঙ্কায় থাকা প্রার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।








