স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত ভর্তি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে নিজস্ব ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণের বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
বিজ্ঞাপন
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নতুন শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা জারি করে।
প্রথম শ্রেণিতে লটারি, পরের শ্রেণিগুলোতে পরীক্ষা
বিজ্ঞাপন
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। লটারিতে নির্বাচিতদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ধারাবাহিকভাবে শূন্য আসন পূরণ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তি পরীক্ষায় কত নম্বর, কোন বিষয়ে?
বিজ্ঞাপন
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার মোট নম্বর ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার জন্য সময় থাকবে এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এ পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুই ঘণ্টা সময় পাবে।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নির্ধারণ
বিজ্ঞাপন
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি ছয় বছর পূর্ণ হতে হবে। তবে বয়স সাত বছরের কম থাকতে হবে। সে অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হতে হলে শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে।
বয়স যাচাইয়ের জন্য আবেদনের সঙ্গে অনলাইনে নিবন্ধিত জন্মসনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী
বিজ্ঞাপন
নতুন নীতিমালায় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ গণনা করা হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণিতে কতটি আসন খালি রয়েছে, তা চূড়ান্ত করবে। এরপর নির্ধারিত শূন্য আসনের ভিত্তিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কোনো অবস্থাতেই অনুমোদিত শূন্য আসনের চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য
বিজ্ঞাপন
ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্ধারিত এলাকার শিক্ষার্থীদের জন্য মোট আসনের ৮০ শতাংশ সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ভর্তি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাচমেন্ট এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থী সেগুলোর যেকোনো একটিতে আবেদন করতে পারবে।
বিজ্ঞাপন
যেসব শিক্ষার্থীর জন্য আসন সংরক্ষণ থাকবে
ভর্তি নীতিমালায় কয়েকটি বিশেষ শ্রেণির শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট হারে আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বসবাসকারী শিশুদের জন্য ১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ।
এসব সংরক্ষিত আসনে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য আসনগুলো সাধারণ আবেদনকারীদের মধ্য থেকে পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
সরকারি চাকরিজীবীদের বদলিতে সন্তানদের ভর্তির সুযোগ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের নতুন বিদ্যালয়ে ভর্তির জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বদলির আদেশ জারির তারিখ থেকে ১২ মাসের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে। মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলি হলে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হতে হবে। এ শর্ত পূরণ হলে নতুন কর্মস্থলের কাছাকাছি সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
ভর্তি ফরম ও ফি কত নির্ধারণ করা হয়েছে?
অনলাইনে ভর্তি আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণির ক্ষেত্রে আবেদন ফরমের সর্বোচ্চ মূল্য ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ভর্তি ফি ও অন্যান্য চার্জ আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে। নির্ধারিত অর্থের অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
ভর্তি কার্যক্রমে নজরদারি বাড়ানোর নির্দেশনা
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা এবং উপজেলা পর্যায়ে পৃথক তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব কমিটি বিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম দেখা দিলে তা প্রতিরোধ এবং ভর্তি নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
নতুন নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হতে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের লটারিতে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।








