Logo

এইচএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৮:৩৬
এইচএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের সময়ও নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হবে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।

বিজ্ঞাপন

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ফি দিতে হবে ১২৫ টাকা। ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা। এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাঠ্যসূচির ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসরণ করতে হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।

পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার এ সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD