Logo

মাদরাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্কতা, না মানলে শাস্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ২১:৪০
মাদরাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্কতা, না মানলে শাস্তি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে মাদরাসা শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ ধরনের কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও উল্লেখ করেছে অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার কিছু শিক্ষক ফেসবুকের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত এবং উসকানিমূলক বক্তব্য প্রকাশ করছেন।

এ ধরনের পোস্টের কারণে দেশের বিভিন্ন স্থানে কর্মরত মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি মাদরাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধিদপ্তর জানায়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০(৬), ১০(ছ) ও ১০(ঝ) অনুচ্ছেদের পরিপন্থি। একই সঙ্গে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮(গ) ধারা অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে মাদরাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া অবগতির জন্য সব জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছেও বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD