যে সড়কে প্রাণ হারালেন মাইশা, সেখানেই অনুষ্ঠিত হলো জানাজা

লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের নিচে চাপা পড়ে প্রাণ হারানো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে দুর্ঘটনাস্থলেই। সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে জানাজা শুরু হয়। সকালে যে সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মাইশার মৃত্যু হয়, সেখানেই তাঁকে শেষ বিদায় জানান সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অন্য সদস্যরা।
মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার প্রতিবাদে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। বাসটি সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায়।
বিজ্ঞাপন
সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ।
এ ছাড়া তাঁরা সড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে পদচারী-সেতু নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।








