Logo

ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের অবরোধ, ১০ কিমি যানজট

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩ নভেম্বর, ২০২৬, ১৪:৪৮
ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের অবরোধ, ১০ কিমি যানজট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে পথচারী-সেতু নির্মাণের দাবিতে তাঁদের এ কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পাশের রেললাইনেও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরও তিন ছাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটি কাত হয়ে উল্টে যায়। মিনিবাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান মাইশা।

বিজ্ঞাপন

অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মারুফুল হক বলেন, দুর্ঘটনার আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন ধরে পথচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। শিক্ষার্থী নিহতের প্রতিবাদ এবং পথচারী-সেতু নির্মাণের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে ওই ছাত্রী নামেন। এর কিছুক্ষণ পর মিনিবাসটি তাঁর ওপর উল্টে পড়ে। এ ঘটনায় বাসটির নিচে চাপা পড়ে আরও তিনজন আহত হন।

তিনি বলেন, স্থানীয় লোকজন লরি দুটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাস থেকে নামার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিষয়টি দেখভাল করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD