রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ববিরোধের জেরে ঋতু আক্তার (২২) নামে এক নারীকে পথ আটকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় সিরাজুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ঋতু আক্তার। গুতুলিয়া এলাকায় পৌঁছালে মতিন (৩৫), জাহিদুল (৩৫), মাশরাফি (২৪) এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজন তাঁর অটোরিকশার পথ আটকে দেন। তাঁদের হাতে দা, চাকু ও লোহার রড ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পথ আটকে দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে মতিন চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন ঋতু। এতে তাঁর মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভুক্তভোগীর দাবি, তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা গলায় থাকা আনুমানিক আট আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। চেইনটির মূল্য প্রায় এক লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ঋতু আক্তার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








