চট্টগ্রামে ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এ তথ্য জানান।
তিনি বলেন, ভুক্তভোগী ও তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে তিন পুলের মাথা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা জাকির হোসেনের ওপর হামলা চালায়। এ সময় কিরিচ দিয়ে কুপিয়ে তার কাছে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। তিনি বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








