Logo

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

profile picture
জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর, ২০২৬, ১৯:০৯
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

বাগেরহাটে শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাংলালিংকের কর্মী হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর জানান, ঘটনার কিছুক্ষণ আগে আল আমিন তাঁকে ফোন করে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার কথা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আল আমিনের অফিসের ব্যাগে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আল আমিনের সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে তাঁর সঙ্গে আল আমিনের কথা হয়েছিল। দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে তিনি বের হয়েছিলেন। পরে ফোন করে আল আমিন তাঁকে জানান, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে টাকা-পয়সা নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহত শেখ আল আমিন বলেন, সবসময় এভাবেই চলাফেরা করি কিন্তু কখনও এমন হয়নি। ঘটনার সময় পেছনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তারা চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে তারা আমার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের কাউকে চিনতে পারিনি। ব্যাগে টাকা ও পণ্যসহ এক লাখ টাকার মতো ব্যাগে ছিল। এরপর আমি আর কিছু বলতে পারি না।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বিকেলের দিকে আল আমিনকে হাসপাতালে আনা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD