Logo

ছাত্রদল নেতার জানাজার পর শপিংমলে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
২৮ অক্টোবর, ২০২৬, ১৯:৫৯
ছাত্রদল নেতার জানাজার পর শপিংমলে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জানাজার পর একটি শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চাঁচকৈড় বাজারের রাশ আরবানী মেগা শপিংমলে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাকিলের দ্বিতীয় জানাজা শেষে শপিংমলটির নিচতলা ও দ্বিতীয় তলায় হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বক্তব্য দিতে গেলে উপস্থিত লোকজনের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতির কারণে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করেন।

পরে নিহত শাকিলের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য। এ সময়ও উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানাজা শেষে চাঁচকৈড় বাজারে রাশ আরবানী মেগা শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শপিংমলটির মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয়দের অভিযোগ, তিনি সংসদ সদস্য মো. আব্দুল আজিজের বড় ছেলে নুরউজ্জামান মিন্টুর ঘনিষ্ঠ। শাকিল হত্যা মামলায় মিন্টু গ্রেপ্তার হওয়ার পর তাঁদের সম্পর্কের জের ধরে শপিংমলটিতে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে হামলার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত, তা তদন্তসাপেক্ষ।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের বিচার দাবিতে তাঁর জানাজায় উপস্থিত মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, গুরুদাসপুরের ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD