Logo

নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জামায়াত প্রার্থীর

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৮ অক্টোবর, ২০২৬, ২০:৫২
নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জামায়াত প্রার্থীর
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচন বর্জনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। প্রশাসনের প্রস্তুতির ওপর আস্থা রেখে শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন এই প্রার্থী।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনি প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি কাজে ব্যবহারের অভিযোগ তোলেন দেলাওয়ার হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই প্রার্থী। তাঁর মতে, উপনির্বাচন হওয়ায় ঢাকার বাইরে অবস্থানরত অনেক ভোটারের আগ্রহ কম থাকতে পারে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের কারণে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার পরিকল্পনা রয়েছে—বিএনপির এমন অভিযোগের জবাবে দেলাওয়ার হোসেন বলেন, এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপদে ভোট দেওয়ার অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সব ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

দেলাওয়ার হোসেন বলেন, এ নির্বাচন শুধু একটি আসনের জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; বরং নির্বাচনি ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠারও পরীক্ষা। দলীয় সরকারের অধীনেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব—আগামীকালের ভোটের মাধ্যমে সেই দৃষ্টান্ত স্থাপনের দায়িত্ব প্রশাসনের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রতিনিধি নির্ধারিত হবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD