ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মোতায়েন ৮ টহল দল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমে ড্রোন, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং বাকি ৭০টিকে মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্বাচনি এলাকার নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩।
বিজ্ঞাপন
নিরাপত্তা কার্যক্রমে সন্দেহজনক বস্তু শনাক্ত করতে ডগ স্কোয়াড এবং বিস্ফোরক-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যবহার করা হবে। পাশাপাশি নির্বাচনি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে ড্রোন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম।
সংবাদ সম্মেলনে ভোটারদের নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদের সদস্যরা।








