Logo

রিকশায় ধাক্কার পর কলেজছাত্রের মাথার ওপর দিয়ে গেল বাস

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:২৯
রিকশায় ধাক্কার পর কলেজছাত্রের মাথার ওপর দিয়ে গেল বাস
ছবি: সংগৃহীত

পাবনায় রিকশাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে রোমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর এলাকায় রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান এক নারীকে সঙ্গে নিয়ে রিকশায় ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি বাস সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে রোমান রিকশা থেকে ছিটকে বাসের সামনে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত নারীকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রিকশাটিকে ধাক্কা দেওয়ার পর রোমান বাসের সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা চালককে বাস থামাতে বললেও তিনি রোমানের মাথার ওপর দিয়ে বাস চালিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।

ওসি আরও জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি আটক রয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD