Logo

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে আহত অন্তত ২০ যাত্রী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৮ অক্টোবর, ২০২৬, ১৪:১৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে আহত অন্তত ২০ যাত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি চন্দনাইশের বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

পরে আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজট

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়কের আলো ও বাঁক নিয়ে স্থানীয়দের উদ্বেগ

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। পাশাপাশি সড়কের সামান্য বাঁকের কারণে ভোররাতে দ্রুতগতিতে চলাচলকারী যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে।

এ পরিস্থিতিতে ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD