Logo

বাসযোগ্য লোহাগাড়া গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : ইউএনও

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২৮ অক্টোবর, ২০২৬, ১৩:৪৫
বাসযোগ্য লোহাগাড়া গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : ইউএনও
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রাম জেলাজুড়ে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাঁচ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লোহাগাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সরকারি দপ্তর এবং সড়কের দুই পাশে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন আখন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন প্রজন্মের জন্য পরিবেশবান্ধব লোহাগাড়া গড়ে তুলতে এ বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসযোগ্য লোহাগাড়া গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচির আওতায় উপজেলার নয়টি ইউনিয়নে একযোগে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, মেহগনি, গর্জন, আমলকী, হরীতকী, জারুল ও বকুলসহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সরকারের সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভূঁইয়া, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলীসহ অনেকে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD